শিমুলরাঙা শব্দ রেখেছি বুকে-নাসিমা আকতার
আমি শিমুলরাঙা একটি শব্দ রেখেছি বুকে
আমার প্রণয় সখা, হৃদয় মিনার
ওর হাত ধরে গোলাপটিপে আঁচল উড়িয়ে
প্রতিদিন কুড়োই নান্দনিক স্বপ্ন
একুশ আমার স্বাধীন প্ৰণয় বাঁশি
শাপলার হৃদয় দোলানো পাপডি
আজ বসন্তদিন, গাঁদায় রাঙিয়েছি মন
চারদিকে কোকিলের কলতান
সেজেছি কৃষ্ণচূড়া পলাশে শবরি বালি
ঐ দেখ আড়চোখে দেখছে ওরা
প্রাণখুলে ওদের বলি
তোমার বুক পকেটের আতরঘ্রাণ
ভালবাসার মৌতাত মেখে
আহা সারারাত মাঘী পূর্ণিমায় ভিজি
তোমার জন্য কেমন কবিতার অন্ত:শীলা নদী
দূর থেকে কান পেতে শুনি
উজান গাঙে মাঝির মায়াবীসুর
মমতা ঝরে বাউলের একতারায়
তুমি বর্ষাপাগল ময়ূরকণ্ঠী
বর্ণালী বৈশাখী মেলা আমার রাবীন্দ্রিক প্ৰেম
আমাকে আগলে রাখ অনন্য অহংবোধে
তন্তুবিহীন এক অমলিন চাদর
তুমি আমার আমিত্বকে দাঁড় করিয়েছো
অনুপম মানচিত্রের আলপনায়
বিশ্বসভায় হাত ধরে দিয়েছো পরিচয়
শিমুল রাঙা শব্দ রেখেছি বুকে
আমি বাংলার মেয়ে, বাংলাদেশি।

0 Comments
Post a Comment