আনু ইসলাম 

 নির্বাক কোকিল

- আনু ইসলাম 

সে বসন্তেই কোকিলের সুর থেমে গেল

চিরদিনের জন্য যৌবনের অপমৃত্যু হল

তার সময় তার সংসার ধুলোয় লুটে গেল

দুঃখ শোকে জীবন দুর্বিষহ হয়ে উঠলো।

সে ক্ষোভে অভিমানে-

আর কোনদিন গান করলো না

বহমান কালের খেয়ায়

আর কোনদিন আনন্দে মাতলো না।

এখন, 

আগের মত তার শক্তি নেই

দেহে তারুন্যের উদ্দম নেই

চোখের চাহনিতে প্রেম নেই

তার মুক্ত আকাশ নেই, সবুজ প্রকৃতি নেই।

দুরন্ত কোকিল,

এখন শূণ্য আকাশে উড়াল দিতে ভয় পায়

ধরিত্রীর নরম সবুজ ঘাঁষে পা ফেলে চলতে ভয় পায়।

তাই সে নির্জন নিঃসঙ্গতা ভালোবাসে

আলোকে অস্থির হয়ে অন্ধ্যকার ভালোবাসে।

তার ভেতরের জ্বালা

গ্রীষ্মের দাবদাহে খেলা করে

তার শীতল অশ্রু

বর্ষার অথৈজলে মিশে চলে

হাড় কাঁপানো প্রখর শীতেও

কোকিল সাক্ষী শিমুলের ডালে বসে থাকে।

অতঃপর,

প্রাকৃতিক নিয়মে বসন্ত নেমে আসে

নতুন করে পৃথিবী ও প্রকৃতি সাজে 

বৃক্ষ ও তরুলতায় ফুলের মুকুল আসে

শিমুলের রক্তরাঙা ফুল ফোঁটে

মাটির বুকে উল্লাসে মেতে ওঠে- 

মানুষ নামের অমানুষগুলো

কোকিলের ক্ষত-বিক্ষত রক্তাক্ত হৃদয়ে-

ভেসে ওঠে প্রিয়সীর পবিত্র মুখ

ভেসে ওঠে বুলেটবিদ্ধ প্রিয়সীর নিথর রক্তমাখা শরীর

কানে ভেসে আসে প্রিয়সীর করুন চিৎকার...

নির্বাক কোকিলের অশ্রু গড়িয়ে চলে

সে সুখের এ অপবিত্র নগরীকে শত ধিক্কারে বিদায় জানায়

এ বসন্তেই উড়াল দেয় দুঃখের নগরীতে।